ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ইউআইইউ ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-জাপান ইনস্টিটিউট অফ ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী। অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউআইইউ সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’র (সিএসআইআরএস) পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রোমানা আফরিন।

সেমিনারে প্রধান অতিথি তার বক্তৃতায় প্রতিষ্ঠিত ভূতাত্ত্বিক ও ভূ-প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে বাংলাদেশের বর্তমান ভূমিকম্প ঝুঁকির স্তর ও ভবনগুলোর ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা উন্নত করার প্রকৌশলী ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

সেমিনারটির মাধ্যমে শিক্ষার্থীরা ভূমিকম্প মূল্যায়ন, পুরাতন ভবন সনাক্ত সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। সেইসঙ্গে তারা ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) -এর পুননির্মাণ, ব্যবহারিক মূল্যায়ন পদ্ধতিগুলো সংযুক্ত করার মাধ্যমে ভূমিকম্পের ঝুঁকি, নিরাপত্তা, সচেতনতা ও নিরসন বিষয়ে দক্ষতা অর্জন করেছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

-বিজ্ঞপ্তি