থাইল্যান্ডের বাজারে জাপানি মাছের চাহিদা তৈরি হয়েছে। সম্প্রতি ব্যাংককে একটি আউটলেট উদ্বোধন করেছে জাপানের সামুদ্রিক খাদ্য বিক্রি প্রতিষ্ঠান ইউরিকি। এটি স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে থাইল্যান্ডে মোট চারটি আউটলেট খুলেছে। প্রতিটি আউটলেটে জাপানি কর্মীরা কাজ করেন। তারা স্থানীয়দের শেখাচ্ছেন কীভাবে ওই মাছ কাটতে হয়। ইউরিকির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘‌থাইল্যান্ডের বাজারের আমাদের এক ধরনের ব্যবসায়িক মিল রয়েছে। এখানকার বাসিন্দারা জাপানি মাছ ও খাবার খুব পছন্দ করেন।’ সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে থাইল্যান্ডের সামুদ্রিক খাদ্য বিক্রি প্রতিষ্ঠান চারেওন পোকফান্ড গ্রুপের চুক্তির কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী বছরের মধ্যে আরো ১০টি আউটলেট খোলার আশা ব্যক্ত করেছেন তারা। এছাড়া প্রতিষ্ঠান দুটির পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন হলে পাঁচ বছরের মধ্যে অন্তত ১০০টি আউটলেট খোলার উদ্যোগ রয়েছে। জাপানের কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালে থাইল্যান্ডে সামুদ্রিক পণ্য রফতানির পরিমাণ হচ্ছে ১৫ কোটি ৮০ লাখ ডলার, যা তার আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি। নিক্কেই এশিয়া