চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিট মুনাফা ২২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। জ্বালানি তেল পরিশোধন, টেলিকম ও ডিজিটাল পরিষেবায় স্থির প্রবৃদ্ধি ও খুচরা ব্যবসা বাড়ার কারণে মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানটির। খবর পিটিআই।

বছরের প্রথম তিন মাসে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৩ কোটি রুপিতে। ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার বাড়ার কারণে রিলায়েন্স বেশ লাভবান হয়েছে।

জানুয়ারি-মার্চ সময়ে ভারতের বৃহত্তম প্রতিষ্ঠানটির সমন্বিত আয় গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। এ সময়ে সংস্থাটির আয় দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার কোটি রুপিতে। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে রিলায়েন্সের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭০৫ কোটি রুপিতে। অর্থবছরটিতে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার কোটি রুপি বা ১০ হাজার ২০০ কোটি ডলারের সমপরিমাণ।

এক বছরে ১০ হাজার কোটি ডলারের আয় সীমা অতিক্রম করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স। উল্লিখিত সময়ে প্রতিষ্ঠানটির সুদ ও করপূর্ব মুনাফা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়ে ৩৩ হাজার ৯৬৮ কোটি রুপিতে পৌঁছেছে। এছাড়া জ্বালানি তেল থেকে কেমিক্যাল পর্যন্ত ব্যবসার সুদ ও করপূর্ব মুনাফা ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪১ কোটি রুপিতে। ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে এ আয়ের পরিমাণ ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২০৯ কোটি রুপি। খুচরা ব্যবসা থেকে কর ও সুদপূর্ব মুনাফা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৭১২ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

এর আগের দুই প্রান্তিকে সাবস্ক্রাইবারের সংখ্যা কমেছিল রিলায়েন্সের। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিলায়েন্স জিওর নিট মুনাফা ঊর্ধ্বমুখী হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির টেলিকম ও ডিজিটাল বিভাগের নিট মুনাফা ২৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৩ কোটি রুপিতে উন্নীত হয়েছে।

কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে ব্যবসা পুনরুদ্ধার হচ্ছে রিলায়েন্সের। এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির খুচরা ব্যবসা বেশ লাভবান হয়েছে। পাশাপাশি অফলাইন-অনলাইন ইনফ্রা বিনিয়োগ থেকেও মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। রিলায়েন্স রিটেইলের সম্পত্তি ও নির্মাণে ১০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

মহামারীকালীন নিজেদের ঋণমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়েছিল রিলায়েন্স। তবে প্রথম প্রান্তিকে এসে বড় অংকের ঋণের হিসাব দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির। টেলিকম বিভাগে রিলায়েন্সের নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৩১ হাজার ৪৯০ কোটি রুপি। অথচ এর বিপরীতে ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৬৬ হাজার ৩০৫ কোটি রুপি, যা নগদ অর্থের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।