জ্বালানি তেলনির্ভরতা থেকে বেরিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে জোর দিয়েছে সৌদি আরব। অন্যান্য খাতের পাশাপাশি দেশটি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে পর্যটন খাতে। এরই অংশ হিসেবে পর্যটক আকর্ষণে এয়ারলাইনসগুলোকে ভর্তুকির প্রস্তাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। অলাভজনক রুটগুলোয় ফ্লাইট পরিচালনা করা উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো এ ভর্তুকি পাবে। এর মাধ্যমে আরব দেশটির লক্ষ্য বৈশ্বিক শহরগুলোর সঙ্গে সরাসরি ফ্লাইট যুক্ত করা। ২০৩০ সালের মধ্যে বার্ষিক ১০ কোটি দর্শনার্থী আকর্ষণের লক্ষ্য সৌদির। এয়ার কানেক্টিভিটি প্রোগ্রামের অংশ হিসেবে এ ভর্তুকির প্রস্তাব দেয়া হচ্ছে। যদিও ভর্তুকির আকার নিশ্চিত করেনি দেশটির সরকার। পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, আমাদের মূল লক্ষ্য বড় শহরগুলোর সঙ্গে সরাসরি ফ্লাইট সংযুক্ত করা। চলতি বছর ১ কোটি ২০ লাখ বিদেশী পর্যটক আসবেন বলে আমরা আশাবাদী। —আরব নিউজ