শ্রীলংকার রফতানি আয় বাড়াতে ভূমিকা রাখছে মসলা ও ভোজ্যতেলের মতো বিভিন্ন ভোগ্যপণ্য।  এছাড়া নারকেলভিত্তিক বিভিন্ন পণ্য, রাবার, চা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও পানীয় পণ্য গত বছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের রফতানি আয়ে অবদান রেখেছে। খবর কলম্বো পেজ

চলতি বছর ফেব্রুয়ারিতে শ্রীলংকার রফতানি আয় বেড়েছে অন্তত ২ দশমিক ৫২ শতাংশ। এ মাসে দেশটি মোট ৯৯ হাজার ৩৭৩ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। শ্রীলংকার কাস্টমস বিভাগের গত পাঁচ মাসের রফতানি আয়ের অস্থায়ী পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। 

গত পাঁচ বছরের তুলনায় ফেব্রুয়ারিতে রফতানি আয় সর্বোচ্চ বলে দেশটির রফতানি উন্নয়ন বোর্ডের (ইডিবি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব রফতানি পণ্যের অধিকাংশই ছিল বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রাংশসহ রাবার গ্লাভস। যার অধিকাংশই নেদারল্যান্ডস, চীন, কানাডা ও স্পেনে রফতানি করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

ইডিবি চেয়ারম্যান সুরেশ দে মেল বলেন, রফতানিকারকরা অস্থির পরিস্থিতিতেও তাদের রফতানি কার্যক্রম চালিয়ে নেয়ার দায়িত্ব নিয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থার উত্তরণে তাদের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

এদিকে স্পেনে বৈদ্যুতিক ট্রান্সফরমার রফতানির ফলে দেশের বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রাংশ খাতে রফতানি মাত্রা গত বছরের তুলনায় অনেকটা বেড়েছে। বিশেষ করে শিল্প-কারখানা ও চিকিৎসার জন্য রাবার গ্লাভস রফতানি গত বছরের তুলনায় চলতি বছর অন্তত ৫৪ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে শ্রীলংকার মার্চেন্ডাইজিং খাতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রফতানি বেড়েছে অন্তত ২৯ দশমিক ৩২ শতাংশ, যা দেশটিকে ৫৩ হাজার ২১ কোটি ডলার রফতানি আয়ের জোগান দেয়। একই সঙ্গে যুক্তরাজ্যে দেশটির মার্চেন্ডাইজিং খাতে রফতানি বেড়েছে ২১ দশমিক ৩৯ শতাংশ, যা তাদের মোট রফতানি আয়ের ১৪ হাজার ১৩৭ কোটি ডলার জোগান দেয়।

তবে দেশটির রফতানি আয়ের সবচেয়ে বড় উৎস মার্কিন যুক্তরাষ্ট্রে কমেছে তাদের সাম্প্রতিক রফতানির পরিমাণ। গত বছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছর রফতানি কমেছে ১০ দশমিক ৬৩ শতাংশ। তবে একই সময়ে রফতানি বেড়েছে জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, চীন, কানাডা ও তুরস্কে।

ইডিবি জানায়, গত বছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ। গত বছরের এ সময়ে দেশটির রফতানি আয় ছিল ৬৬ হাজার ১৯৮ কোটি ডলার, চলতি বছরে প্রথম দুই মাসে দেশটির রফতানি আয় হয়েছে ৭০ হাজার ৭৯৬ কোটি ডলার।