বছরের শুরুতেই ফের বাড়তির দিকে স্বর্ণের দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৪৬ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এদিন বাড়তির দিকে ছিল রুপা ও প্লাটিনামের দাম। খবর ব্লুমবার্গ ও রয়টার্স।

যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সর্বশেষ কার্যদিবসে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ ডলার ৬০ সেন্টে। দিনের শুরুতে মূল্যবান ধাতুটির স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৯৪৫ ডলার ২৫ সেন্টে উঠেছিল, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

অন্যদিকে কোমেক্স ইনডেক্স অনুযায়ী, এদিন ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪৬ ডলার ৬০ সেন্টে উঠেছিল। 

বিএমও ক্যাপিটালের মেটাল ডেরিভেটিভস ট্রেডিং বিভাগের প্রধান তাই ওং বলেন, মুদ্রাবাজারে ডলারের দুর্বল অবস্থান স্বর্ণের দাম বাড়িয়েছে। আগামী দিনগুলোয় তা কমলেও আউন্সপ্রতি ১ হাজার ৯০০ ডলারের নিচে নামার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে প্লাটিনামের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১৩১ ডলার ৬২ সেন্টে উঠেছে, যা ২০১৬ সালের আগস্টের পর সর্বোচ্চ। দিনশেষে ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে গত ১৫ সেপ্টেম্বরের পর সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে রুপা।