লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল রোববার পুনরায় লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ মে।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস কমেছে ৪৫ পয়সা বা ২৩ দশমিক ২০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।










