দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপি গ্যাস লিমিটেড কক্সবাজারে আয়োজন করেছে ‘ফুয়েলিং পার্টনার-ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০২৫’। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৪০০ জন পরিবেশক ও কোম্পানির কর্মকর্তা অংশ নেন। সম্মেলনে ব্যবসায়িক অধিবেশন ছাড়াও ছিল দলগত কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ও ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই পরিচালক তানভীর আহমেদ মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা ও নির্বাহী পরিচালক এবং রফতানি বিভাগের প্রধান সামিরা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, মেঘনা গ্রুপ সবসময় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। ২০১৯ সালে ফ্রেশ এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাত্র পাঁচ বছরের মধ্যেই এটি বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশের এলপি গ্যাস শিল্প এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। একসময় যেখানে এলপি গ্যাস অনেকের কাছেই অপরিচিত ছিল, এখন তা দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। গৃহস্থালি ব্যবহার থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও পরিবহন খাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। এ চাহিদা পূরণে ফ্রেশ এলপি গ্যাস নিরলসভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, এই সাফল্য একার নয়, বরং পরিবেশক ও ভোক্তারা এই ব্র্যান্ডের প্রকৃত শক্তি। বাজারে তাদের উপস্থিতি, গ্রাহকের সঙ্গে সম্পর্ক এবং প্রতিদিনের পরিশ্রমই এই সাফল্যের মূল ভিত্তি। তিনি জানান, ব্র্যান্ড গড়ে তোলে মানুষ, কিন্তু টিকিয়ে রাখে সম্পর্ক। আর এই সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তানভীর আহমেদ মোস্তফা বলেন, ফ্রেশ এলপি গ্যাসের সাফল্যে পরিবেশক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, আমাদের অঙ্গীকার একটাই— একসঙ্গে এগিয়ে যাওয়া। এমজিআই টেকসই প্রবৃদ্ধিতে বিশ্বাস করে। নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন ও আধুনিক অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করছে, যাতে ভোক্তার দোরগোড়ায় সময়মতো মানসম্পন্ন পণ্য পৌঁছে দেয়া যায়।

সম্মেলনে ২০২৫ সালের সেরা পরিবেশক ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা, এমজিআই মানবসম্পদ বিভাগের প্রধান আতিক উজ জামান খান, মহাব্যবস্থাপক (অডিট) সাজ্জাদ হোসেন, ফ্রেশ এলপি গ্যাসের সিনিয়র ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—বিজ্ঞপ্তি