এপ্রিলে শ্রীলংকার শিল্পোৎপাদন ও পরিষেবা কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমেছে। কর্মদিবস কমাসহ লোডশেডিং ও পর্যাপ্ত জ্বালানির অভাবে নিম্নমুখী হয়েছে শিল্পোৎপাদন ও পরিষেবা খাত। খবর ডেইলি মিরোর।
এপ্রিলে শ্রীলংকার শিল্পোৎপাদন পিএমআই আগের মাসের চেয়ে ২১ দশমিক ৪ পয়েন্ট কমে ৩৬ দশমিক ৪ পয়েন্টে নেমে এসেছে। দেশটির পরিষেবা পিএমআই মার্চের চেয়ে ৭ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮ পয়েন্টে। এ সূচক ৫০ পয়েন্টের নিম্নে থাকলে তা সংকোচন নির্দেশ করে।
এ বিষয়ে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খাদ্য ও পানীয় উৎপাদন এবং টেক্সটাইল খাতে উৎপাদন কম ছিল। এপ্রিলে নতুন বছরের ছুটি থাকায় কর্মদিবসও কম ছিল দেশটিতে। পাশাপাশি সরবরাহ প্রতিবন্ধকতাসহ লোডশেডিংয়ের কারণেও উৎপাদনের নিম্নমুখিতা অব্যাহত ছিল।
এদিকে উৎসব মৌসুম শেষে চাহিদা কমে যায় বিভিন্ন খাতে। ছুটির কারণে নতুন কর্মী নিয়োগও কম ছিল। অনেক উৎপাদক বলেছেন, কাঁচামালের অভাবেই উৎপাদনের গতি শ্লথ হয়েছে। শিল্পোৎপাদন খাতের অনিশ্চয়তা সম্পর্কে সচেতন শ্রীলংকান উৎপাদকরা। পাশাপাশি দেশটির ব্যবসায়িক কার্যক্রমও কমেছে।










