বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে লেনদেনে ফিরবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির লেনদেন গতকাল রেকর্ড ডেটের কারণে বন্ধ ছিল।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি এনবিএফআইটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরের এজেন্ডাগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা। আলোচ্য হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। আগের চার হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৪ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পান শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২০ পয়সা। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়।










