৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ঘোষিত আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) পরিচালিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় গত মঙ্গলবার এ অনুমোদন দেয়া হয়। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিবি।

তথ্য অনুসারে, ২০২১-২২ হিসাব বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডারদের ইউনিটপ্রতি ১৫ টাকা করে নগদ লভ্যাংশ দেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে চলতি বছরের ৩০ জুন। অর্থাৎ ৩০ জুন যেসব ইউনিটহোল্ডারদের নাম ফান্ডের নিবন্ধন বইয়ে লিপিবন্ধ ছিল কেবল তারাই এ লভ্যাংশ পাবেন।

এদিকে গত শনিবার আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ফান্ডটির চলতি ২০২২ হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। অনুমোদিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। আর প্রথমার্ধের শেষ তিন মাসে ইপিইউ হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। ক্রয়মূল্যের ভিত্তিতে চলতি বছরের ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৮ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা ১৪ টাকা ৫৭ পয়সা।