ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় সম্প্রতি ড্রোন হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ধকারে নিমজ্জিত হয়েছে লাখো মানুষ। তবে এমন পরিস্থিতিতেও ওডেসার কৃষ্ণসাগরীয় বন্দর থেকে খাদ্যশস্য রফতানি বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই ব্যবসায়ীদের। ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সলকিয়ে এ কথা জানিয়েছেন।

রাশিয়ার ড্রোন হামলার পর ওডেসার ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ বলছে, কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসবে। তবে বিদ্যুৎ গ্রিড পুরোপুরি মেরামত করতে আরো দু-তিন মাস সময় লাগতে পারে।

রুশ সামরিক বাহিনীর হামলার কারণে গত ২৪ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হয়ে পড়ে ইউক্রেনের তিনটি কৃষ্ণসাগরীয় সমুদ্রবন্দর। বন্ধ হয়ে যায় দেশটির সমুদ্রপথে খাদ্যশস্য ও তেলবীজ রফতানি। এতে সংকট দেখা দেয় বিশ্ববাজারে। লাফিয়ে বাড়তে শুরু করে দাম। তবে ছয় মাস বন্ধ থাকার পর জুলাইয়ের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে আবারো বন্দর তিনটির কার্যক্রম চালু হয়। স্বাভাবিক হতে শুরু করে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি। তবে ওডেসায় হামলার পর রফতানিতে আবারো বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দেশটির সরকার সে আশঙ্কা উড়িয়ে দিয়ে রফতানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

এদিকে ইউক্রেনের ব্যবসায়ীদের অভিযোগ, রুশ কর্তৃপক্ষ পণ্যবাহী জাহাজগুলো যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সময়ক্ষেপণ করছে। এ কারণে রফতানি গতি হারাচ্ছে। চলতি মাসের প্রথম আটদিনে ইউক্রেনের শস্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৯০ হাজার টনে।