বিদায়ী বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে বিশ্বের শীর্ষ তামা উৎপাদনকারী দেশ চিলিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। চলমান জোরালো আন্দোলনের জেরে দেশটির খনিজ কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে। এতে দেশটিতে তামা উত্তোলন উল্লেখযোগ্য হারে কমেছে। কমেছে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার উত্তোলনও। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

২০১৯ সালের প্রথম এগারো মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটির কারখানাগুলোয় সব মিলিয়ে ৫২ লাখ ৮০ হাজার টন তামা উত্তোলিত হয়েছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।

২০১৮ সালে রেকর্ড তামা উৎপাদন করেছিল চিলি। সে সময় সব মিলিয়ে ৫৮ লাখ ৩২ হাজার টন তামা উৎপাদন করে দেশটি। বর্তমান পরিস্থিতিতে দেশটির পক্ষে আগের রেকর্ড ধরে রাখা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এদিকে নভেম্বরে দক্ষিণ আমেরিকার দেশটি মোট ৫ লাখ ৪ হাজার ৩৬৬ টন তামা উত্তোলন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কম। তবে বার্ষিক হারে কমলেও একই বছরের অক্টোবরের তুলনায় ব্যবহারিক ধাতুটির উত্তোলন ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তা বছরের দ্বিতীয় শীর্ষ মাসভিত্তিক উত্তোলন।

একই কারণে নভেম্বরে দেশটির স্বর্ণ উত্তোলনে মন্দা ভাব বজায় রয়েছে। এ সময় দেশটির খনিগুলো থেকে মোট ৩ হাজার ৭৯ কেজি স্বর্ণ উত্তোলিত হয়েছে। তবে ২০১৮ সালের প্রথম ১১ মাসের সম্মিলিত উত্তোলনের তুলনায় বেড়েছে। এ সময় দেশটি মোট ৩৪ হাজার ৭৬৩ কেজি স্বর্ণ উত্তোলন করতে পেরেছে।

এদিকে নভেম্বরে আরেক মূল্যবান ধাতু রুপার উত্তোলন ১২ দশমিক ৪ শতাংশ কমে ১ লাখ ৬ হাজার ৮২৭ কেজিতে নেমেছে। বছরের

প্রথম ১১ মাসে খনিজ পণ্যটির উত্তোলন দাঁড়িয়েছে ১০ লাখ ৬৮ হাজার ৯৩১ কেজি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম।