আগামী ঈদ-উল-আজহার আগেই সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া
শিল্প নগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) ও ট্যানারিগুলোতে কমপ্লায়েন্স
নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক
চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে জাকিয়া সুলতানা
শিল্প নগরী কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা
ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েসটেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড (ডিটিআইইডাব্লিউটিপিসিএল)
কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে শিল্পনগরী ও সিইটিপির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা
করেন।
এ সময় তিনি সিইটিপি সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতের লক্ষ্যে ইফ্লুয়েন্ট
বিল এবং পানির বিল আদায় শতভাগে উন্নীতকরণে জোর দেয়ার নির্দেশ দেন। সিইটিপির পাশাপাশি
ট্যানারিগুলোর কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণে পরিদর্শন দল গঠন করে নিয়মিত ট্যানারি পরিদর্শনপূর্বক
ট্যানারি মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার নির্দেশ দেন।
বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিটিআইইডাব্লিউটিপিসিএলের
পক্ষ থেকে শিল্প নগরীর প্লটের লীজ ডিড সম্পাদন, সিইটিপির সমস্যা এবং সমস্যা উত্তরণে
সম্ভাব্য সমাধানের বিষয় সিনিয়র সচিবকে জানান।
আগামী ঈদ-উল-আজহার আগেই সিইটিপির সার্বিক প্রস্তুতি সম্পন্নসহ কমপ্ল্যায়েন্স
অর্জনে ওয়ার্ক প্ল্যান দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে জাকিয়া সুলতানা বলেন, যথাযথভাবে
চামড়া প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ঢাকায় একটি এবং আঞ্চলিক পর্যায়ে আরো দুটি সিইটিপি
স্থাপনের চেষ্টা চলছে।
এ সময় যেসব ট্যানারি প্লট নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছে তাদের প্লট দ্রুত
বাতিল করে নতুন উদ্যোক্তাদের দেয়ার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া
নতুনভাবে প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও উপজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে
অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, শিল্প
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।









