টয়োটা মোটর করপোরেশন জাপানে সব অ্যাসেম্বলি প্লান্টের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। উৎপাদন ব্যবস্থার ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ফলে বিশ্বের শীর্ষ অটোমেকার টয়োটার অভ্যন্তরীণ উৎপাদন স্থবির হয়ে পড়বে। খবর রয়টার্স।
টয়োটা সমস্যার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র। তিনি বলেন, ‘সাইবার হামলার কারণে নয়, অর্ডারজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে টয়োটা নিজেদের ১২টি প্লান্টের কার্যক্রম স্থগিত করে দেয় এবং মঙ্গলবার দুপুর থেকে সব কার্যক্রম বন্ধ করে দেয়। তবে তাদের উৎপাদনের পরিমাণ কতটুকু কমেছে তা অস্পষ্ট।’










