আন্দোলন সমাপ্তির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ায় শেভরনের দুই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের শ্রমিকরা। এর মধ্য দিয়ে দুই সপ্তাহ ধরে চলমান আন্দোলন শেষ হলো। শেভরন ও শ্রমিক ইউনিয়ন উভয় পক্ষই বেতন কাঠামো ও কর্মপরিবেশ সংক্রান্ত শর্ত মেনে নিয়েছে। খবর রয়টার্স।
শ্রমিক সংগঠন দি অফশোর এলায়েন্সের মুখপাত্র ব্র্যাড গ্যান্ডি বলেছেন, ‘অফশোর এলায়েন্স এখন শেভরনের সঙ্গে খসড়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে। সদস্যরাও দ্রুত কাজে যোগ দেবে।’
প্রস্তাবিত চুক্তির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, চাকরি নিরাপত্তা, পদোন্নতি ও কর্মক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়াবলি। অস্ট্রেলিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ট্রাইব্যুনাল ফেয়ার ওয়ার্ক কমিশন (এফডব্লিউসি) দুই পক্ষের প্রস্তাব বিবেচনা করেছে। দুই পক্ষই তাদের দাবি-দাওয়া পেশ করেছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল উভয় পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেয়, যাদে কর্মক্ষেত্রের অচলাবস্থা দূর হয়।
অস্ট্রেলিয়ার প্রধান এলএনজি উৎপাদন কেন্দ্রগুলোয় প্রাপ্য মজুরি ও কর্মপরিবেশের দাবি নিয়ে প্রায় এক বছর ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছিল দেশটির শ্রমিক সংগঠন দি অফশোর এলায়েন্স। ২০২২ সালে জাপানের ইনপেক্সের সঙ্গে চুক্তি হয়। পরে শেল, উডসাইড ও সর্বশেষ শেভরনের সঙ্গে আলোচনায় আসেন শ্রমিকরা।










