চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে হঠাৎ করে বেড়ে গেছে ব্রাজিলীয় সয়াবিনের দাম। ফলে দেশটি থেকে সয়াবিন আমদানিতে অনীহা দেখাচ্ছেন চীনা ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রাজিল থেকে চীনে সয়াবিন আমদানিতে টনপ্রতি মোট ৪০০ ডলার খরচ হচ্ছে। কিছুদিন আগেও যেখানে খরচ ছিল ৩৮০ ডলার। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানিকারক প্রধান দেশ চীন। বাণিজ্যনীতিতে অনড় অবস্থানে থাকা দুই দেশ বিভিন্ন পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। সয়াবিনের অন্যতম ভোক্তা দেশও চীন। গত সপ্তাহে চীন মার্কিন কৃষিপণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে চীনা ব্যবসায়ীরা ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে সয়াবিন আমদানি বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে। এ সুযোগেই ব্রাজিলের

ব্যবসায়ীরা সয়াবিনের দাম বাড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে একটি সাইডলাইন বৈঠকে এক চীনা ব্যবসায়ী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে ১০ শতাংশ ট্যারিফ ঘোষণার পরপরই ব্রাজিলের সয়াবিনের দাম বেড়েছে। এর ফলে অধিকাংশ চীনা ব্যবসায়ীই এ বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সেপি/ইসাল্কের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রধান সয়াবিন উৎপাদন এলাকা মাতো গ্রোসোর সরিসো। গত বৃহস্পতিবার এ অঞ্চলে সয়াবিন বিক্রি হয়েছে ব্যাগপ্রতি ১৫ দশমিক ৬৭ ডলার, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৮১ শতাংশ বেশি, আর ১৮ জুনের পর সর্বাধিক।