সাম্প্রতিক সময়ে শেয়ারদর বৃদ্ধির কারণ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে
কোম্পানিটির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি কোম্পানিটি গুজব ছড়ায় না বলেও জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
তথ্য অনুসারে, গণমাধ্যমে প্রকাশিত ‘চুক্তির জল্পনাকল্পনার মধ্যে লাফার্জহোলসিমের শেয়ারদর বেড়েছে’—এমন শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠানটির মূল কোম্পানি নেদারল্যান্ডসভিত্তিক সুরমা হোল্ডিং বিভি কোম্পানিটির শেয়ার বর্তমান বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি করতে যাচ্ছে। যার প্রভাবে দেশীয় কোম্পানিটির শেয়ারদরও বাড়ছে। স্টক ব্রোকারদের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদন সম্পর্কে লাফার্জহোলসিমেরে কিছু জানা নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইতে বৃহস্পতিবার লাফার্জহোলসিমের শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৫৯ টাকা ৭০ পয়সা থেকে ১০৭ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।










