খাদ্যশস্যের সরবরাহ সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে চীন। এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৫ সালের মধ্যে উৎপাদন ৭০ হাজার কোটি কেজিতে উন্নীত করতে চায় দেশটি। সম্প্রতি দেশটির কৃষি ও পল্লী মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ তথ্য উঠে এসেছে।
প্রতি বছর খাদ্যশস্য উৎপাদন ৬৫ হাজার কোটি কেজিতে স্থির রাখার পরিকল্পনা রয়েছে চীনের। এর মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি খাদ্যশস্যের দামেও লাগাম টানতে চায় দেশটি।
পরিকল্পনায় বলা হয়, ২০২৫ সালের মধ্যে খাদ্যশস্য আবাদি জমির পরিমাণ বাড়িয়ে ১১ কোটি ৭০ লাখ হেক্টরে নিয়ে যেতে চায় চীন। চীনের প্রধান খাদ্যশস্য চাল। তিন বছরের মধ্যে শস্যটির উৎপাদন ২১ হাজার ৫০০ কোটি কেজিতে উন্নীত করতে চায় চীন। এছাড়া ১৪ হাজার কোটি কেজি গম ও অন্যান্য দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।










