জানুয়ারিতে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি বেড়েছে রফতানি আয়ও। এক সপ্তাহের ব্যবধানে দেশটির চালের রফতানি মূল্যেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। 

ভিয়েতনামের শুল্ক বিভাগ এক প্রতিবেদনে জানায়, জানুয়ারিতে ভিয়েতনামের রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ১২ হাজার ২৬৫ টনে। গত মাসে চাল রফতানি থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ৩৬ কোটি ২০ লাখ ডলার আয় করে। ডিসেম্বরের তুলনায় আয় বেড়েছে ৭ শতাংশ। 

এদিকে ভিয়েতনাম চলতি সপ্তাহে প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল ৬৩৭-৬৪০ ডলারে রফতানি করছে। গত সপ্তাহে রফতানি মূল্য ছিল ৬৪০ ডলার। নতুন চান্দ্রবর্ষের সপ্তাহব্যাপী ছুটি শেষে দেশটির চাল বাণিজ্য ফের চাঙ্গা হয়ে উঠেছে। মেকং ডেল্টাভিত্তিক ব্যবসায়ীরা জানান, ছুটি শেষে চালের কেনাবেচা বেড়েছে। 

গত বছর দেশটি তিন দশকের মধ্যে সর্বোচ্চ চাল রফতানি করেছে। বিশ্বজুড়ে শস্যটির ঊর্ধ্বমুখী চাহিদার কারণে রফতানিতে এমন প্রবৃদ্ধি এসেছে। তাছাড়া চাল রফতানিতে ভারতের বিধিনিষেধের কারণে সৃষ্ট সরবরাহ সংকটও রফতানি বাড়াতে বড় ভূমিকা পালন করেছে।

উচ্চমূ্ল্য সত্ত্বেও গুণগত মান ও সতেজতার কারণে আমদানিকারকদের কাছে ভিয়েতনামের চালের কদর বেশি বলে জানান দেশটির ব্যবসায়ীরা। জমি থেকে সংগ্রহের পর অল্প সময়ের মধ্যেই দেশটি চাল রফতানি করে।