চলতি বছর থাইল্যান্ডের অর্থনীতি ৩ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে বিশ্বব্যাংক। গত বছর এ হার ছিল ২ দশমিক ৬ শতাংশ। মূলত বেসরকারি ব্যয় বৃদ্ধি, পর্যটন খাত পুনরুদ্ধার ও চীনের বাণিজ্য উন্মুক্তকরণের কারণে থাই অর্থনীতি বৃদ্ধির আভাস দেয়া হয়েছে। খবর ব্যাংকক পোস্ট।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডে এ বছর ২ কোটি ৭০ লাখ পর্যটক প্রবেশ করতে পারে। আশা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যে পর্যটকের সংখ্যা কভিড-১৯ পূর্ববর্তী সময়ের চেয়ে বেশি হবে।

গত বছর ১ কোটি ১১ লাখ ৫০ হাজার বিদেশী পর্যটক বরণ করেছিল থাইল্যান্ড। কভিড সময়ের আগে ২০১৯ সালে প্রায় চার কোটি পর্যটকের সমাগম ঘটেছিল দেশটিতে।

বিশ্বব্যাংক বলছে, বিনিয়োগ বাড়লেও বৈশ্বিক মন্দার কারণে এ বছর ডলারের ক্ষেত্রে পণ্য রফতানি ১ দশমিক ৮ শতাংশ কমবে।

ব্যাংকটির মতে, থাইল্যান্ডের অর্থনৈতিক পুনরুদ্ধার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় পিছিয়ে। কারণ নিম্নমুখী রফতানি, অভ্যন্তরীণ মূল্যের চাপ ও উচ্চগৃহস্থালি ঋণ নেতিবাচক ঝুঁকি তৈরি করেছে। আগামী সাধারণ নির্বাচন ও সরকার গঠন নিয়েও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে।