পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর গতকাল ১০ শতাংশ বাড়তে দেখা গেছে। এ বৃদ্ধি নিয়ে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারদর ছিল ১০ টাকা। দিন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আলোচ্য দিনটিতে কোম্পানিটির মোট ৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮০ পয়সা বা প্রায় ২৬৭ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সায়।
সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে আগের দুই বছরের তুলনায় কোম্পানিটির বিক্রি বাবদ আয় সামান্য বাড়ার পাশাপাশি লোকসান কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মোট আয় হয়েছে ৪৫ কোটি ৬৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে সর্বশেষ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান কমেছে ৪৩ দশমিক ৫২ শতাংশ।










