বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের পোশাক শিল্পে মিড লেভেলে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে। তারা বেশ ভালো কাজ করছে। দীর্ঘদিন বিদেশী জনবল দিয়ে আমরা এ কাজ করেছি। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। এখন আর বিদেশী ম্যানেজারদের ওপর আমাদের নির্ভর করতে হবে না। দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) কাজ করছে।’

গতকাল ঢাকার তুরাগে ‘বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট’ বিষয়ে ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরএমজি খাতে দক্ষ ম্যানেজার তৈরির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এর আয়োজন করে বিইউএফটি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দক্ষ জনশক্তিই একটি শিল্পপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। পোশাক খাতে বিদেশী জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে। দক্ষ জনশক্তিকে আমাদের শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমানে আমাদের রফতানির প্রায় ৮২ ভাগ আসে পোশাক খাত থেকে। এর থেকেও বড় কথা গার্মেন্ট খাতে প্রায় ৪০ লাখ লোক কাজ করে। এর প্রায় ৬৫ শতাংশ নারী কর্মী।’

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ইপিবির মহাপরিচালক (যুগ্ম সচিব) বেবি রানী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ। ভোট অব থ্যাংকস স্পিচ দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান।