জাপানের জনসংখ্যা ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে কমছে। একই সময়ে বিদেশী নাগরিকের সংখ্যা বেড়েছে নজিরবিহীন হারে। সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে বিদেশী নাগরিকের সংখ্যা ৩০ লাখ অতিক্রম করেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
টানা ১৪ বছর ধরে জাপানের জনসংখ্যার সূচক নিম্নমুখী। তবে এবার প্রথমবারের মতো দেশের ৪৭টি প্রধান শহরেই কমেছে জনসংখ্যা। সরকারি জরিপ অনুসারে, দেশটির জনংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৫৪ লাখ ১০ হাজার। জনসংখ্যা কমেছে প্রায় ৫ লাখ ১১ হাজার জন।
২০০৮ সালে জাপানের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। তারপর থেকেই নিম্ন জন্মহারের কারণে দেশটির জনসংখ্যা কমতির দিকে। তবে ১ জানুয়ারি পর্যন্ত জরিপ অনুযায়ী, ২৯ লাখ ৯০ হাজার জন বিদেশী নাগরিক বসবাস করে দেশটিতে। ২০২২ সালের তুলনায় বিদেশী নাগরিক বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। দেশের অর্থনীতি ও বাণিজ্যিক কাঠামোয় বিদেশীদের বড় ধরনের ভূমিকা রয়েছে।










