বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেডের কাছে থাকা ১ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৯৯২ শেয়ারের মধ্যে ডিএসইর বিদ্যমান বাজারদরে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বারাকা পাওয়ার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সায়। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৯ পয়সায়।
কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ ওয়ান ও স্বল্পমেয়াদে এসটি-টু। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণ ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বারাকা পাওয়ার। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বারাকা পাওয়ার। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও বাকি ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদের পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৩০ পয়সা।










