ইউরোজোনে চলতি বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল পূর্বাভাসের তুলনায় কম। তবে এখনো এটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ। এমনটাই উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিভাগ ইউরোস্ট্যাটের এক প্রতিবেদনে। খবর রয়টার্স।

ইউরোস্ট্যাট দাবি অনুসারে, ইউরোজোনের ২০টি দেশের মূল্যস্ফীতি আগস্টে পূর্ববর্তী মাসের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। পূর্বাভাসে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশে থাকার ইশারা দেয়া হয়েছিল।

ব্যয়বহুল পরিষেবা খাত মূল্যস্ফীতির সূচকে ভূমিকা রেখেছে। আগস্টে খাদ্য, অ্যালকোহল ও তামাকে মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৯৮ শতাংশীয় পয়েন্ট। শিল্পপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ১৯ শতাংশীয় পয়েন্ট। তুলনামূলকভাবে কমেছে জ্বালানির মূল্য।

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার সময়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সর্বশেষ সভায় সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। পূর্বাভাস দেয়া হয়েছে, বাজারের পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী হলে শিগগিরই সুদহার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক পিটার কিসিমির বলেছেন, ‘সর্বশেষ 

সুদহার বাড়ানোর বিষয়টিই ইসিবির সর্বশেষ সুদহার বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে। তবে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়তার জন্য আগামী বছর মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’