সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসন খাতের উচ্চমূল্যের কারণে অঞ্চলটির বিশাল এক জনগোষ্ঠী এখন নিজের বাড়ি মালিক হওয়ার আশা ছেড়ে দিচ্ছে। খবর ইউরো নিউজ।
রি/ম্যাক্স ইউরোপিয়ান হাউজিং ট্রেন্ড রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ইউরোপের ২৩টি দেশের প্রায় ৪৪ শতাংশ মানুষ মনে করে, তারা কখনই বাড়ি কিনতে পারবে না অথবা বাড়ি কেনায় তাদের কোনো আগ্রহ নেই। ২০২৫ সালের আগস্টে পরিচালিত এ জরিপে দেখা গেছে, দেশভেদে এ পরিস্থিতির ব্যাপক তারতম্য রয়েছে।
জরিপে অংশ নেয়া প্রতি ১০ জনের মধ্যে তিনজনই (২৯ শতাংশ) জানিয়েছেন, তারা সম্ভবত কখনই নিজের বাড়ি কিনতে পারবেন না। চেক প্রজাতন্ত্রে এ হার সবচেয়ে বেশি। দেশটির ৪৪ শতাংশ মানুষ মনে করে, তারা কখনই বাড়ি কিনতে পারবেন না। এছাড়া ইতালিতে ৩৫ শতাংশ এবং আয়ারল্যান্ড ও পোল্যান্ডে ৩৩ শতাংশ মানুষ একই মত দিয়েছে।
ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে ইতালিতে আবাসন কেনার সামর্থ্য নিয়ে সবচেয়ে বেশি নেতিবাচক ধারণা রয়েছে। এর বিপরীতে স্পেন ও ফ্রান্সে ২৫ শতাংশ এবং যুক্তরাজ্যে ২৬ শতাংশ মানুষ মনে করে তারা কখনো বাড়ি কিনতে পারবে না। জার্মানিতে এ হার ২৮ শতাংশ।
রি/ম্যাক্স ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল পোলজলার ইউরোনিউজ বিজনেসকে বলেন, ‘মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ইউরোপের অনেক অঞ্চলে মানুষের আয় সেভাবে বাড়েনি। অথচ সম্পত্তির দাম ক্রমাগত বাড়ছে। ফলে কর্মসংস্থান স্থিতিশীল থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য নিজের বাড়ি কেনা এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
ইউরোপের প্রায় ১৫ শতাংশ মানুষ নিজের বাড়ি কেনায় আগ্রহী নয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ অনাগ্রহের হার সবচেয়ে বেশি জার্মানিতে, যেখানে ৩১ শতাংশ মানুষ বাড়ি কিনতে চান না। এছাড়া নেদারল্যান্ডসে ২৭ শতাংশ এবং অস্ট্রিয়ায় ২৫ শতাংশ মানুষ নিজস্ব আবাসন গড়ার বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে।
মাইকেল পোলজলার জানান, বাড়ি না কেনার পেছনে কেবল উচ্চমূল্যই একমাত্র কারণ নয়, এর পেছনে সাংস্কৃতিক প্রভাবও রয়েছে। জার্মানি ও অস্ট্রিয়ার মতো দেশে ভাড়ায় থাকাকে সামাজিকভাবেই সহজভাবে নেয়া হয়। এসব দেশে ভাড়াটিয়াদের সুরক্ষায় শক্তিশালী আইন থাকায় মানুষ দ্রুত বাড়ি কেনার কোনো তাগিদ অনুভব করে না।
আবাসন খাতের এ সংকটের পেছনে বেশকিছু কারণ উঠে এসেছে। যারা বাড়ি কিনতে চান না, তাদের মধ্যে ৫৩ শতাংশই বর্তমান অবস্থায় সন্তুষ্ট। এছাড়া ২১ শতাংশ মানুষ মনে করে যে বাড়ি রক্ষণাবেক্ষণের বাড়তি দায়িত্ব নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। আবার ১৯ শতাংশ মানুষের মতে, বর্তমান বাজারে বাড়ির দাম অস্বাভাবিক বেশি।
পোলজলারের মতে, আগের প্রজন্মগুলো বাড়ি কেনাকে সামাজিক মর্যাদা হিসেবে দেখত। কিন্তু বর্তমান প্রজন্ম একে একটি আর্থিক কৌশল হিসেবে বিবেচনা করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ মানুষ নিজস্ব বাড়িতে থাকে এবং বাকি ৩০ শতাংশ ভাড়ায় বাস করে।










