বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সেমিনারে অর্থনীতির ভবিষ্যৎ ও তার নবায়িত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ও আইআইবিএফইর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারটি ব্যাংকের গবেষণা বিভাগ পরিচালনা করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারে নবী।
প্রফেসর ওমর ফারুক তার উপস্থাপনায় আধুনিক অর্থনীতির বিশ্লেষণ কাঠামোকে বাজার প্রক্রিয়া, ব্যবসায়িক চক্র ও তথ্যপ্রযুক্তি বোঝার একটি শক্ত হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনীতিকে আরো কার্যকর করতে হলে বাস্তবতার সঙ্গে গভীর সংযোগ রেখে কাজ করতে হবে। আলোচনায় তিনি ড. পিটার বোয়েটকের একটি উক্তি তুলে ধরেন। সেখানে তিনি বলেন, অর্থনীতিবিদদের ব্ল্যাকবোর্ডের দিকে কম সময় ব্যয় করা করে জানালার বাইরে বেশি সময় দেয়া উচিত।
তিনি জানান, নতুন প্রজন্মের জন্য অর্থনীতিকে আরো সামগ্রিক, স্থিতিস্থাপক ও সমস্যা সমাধানমুখী শাখা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তার মতে, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে অর্থনৈতিক বিশ্লেষণে আরো জোরালোভাবে যুক্ত করতে হবে। তিনি উল্লেখ করেন, অ্যাডাম স্মিথের পূর্ববর্তী গ্রন্থে নৈতিক চিন্তার যে ভিত্তি ছিল, তা বর্তমান আলোচনায় উপেক্ষিত হয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশের মতো দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিকে বোঝার জন্য অ-রৈখিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং সিস্টেমভিত্তিক চিন্তা জরুরি। একই সঙ্গে অর্থনীতির সঙ্গে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশবিদ্যার মতো ক্ষেত্রগুলোর সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে তিনি এমন অর্থনীতি গড়ার কথা বলেন, যা মানবকল্যাণে ব্যবহারিক ভূমিকা রাখবে এবং ভাগ করা সমৃদ্ধির ভিত্তি তৈরি করবে। তিনি জানান, অর্থনীতির নতুন রূপকল্প অতীতের অর্জন অস্বীকার নয়, বরং সময়ের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার একটি প্রয়োজনীয় বিবর্তন।
উপস্থাপনা শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সঙ্গে খোলা আলোচনায় অর্থনৈতিক চিন্তা ও নীতি নিয়ে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার বিষয়ে সবাই একমত হন।
—বিজ্ঞপ্তি










