চলতি বছরের শেষ নাগাদ অবসরে যাওয়ার কথা জানিয়েছেন অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান পেপালের প্রধান নির্বাহী ড্যান শুলম্যান। ডিসেম্বরের শেষের তিন মাসে এ বৈশ্বিক পেমেন্ট প্লাটফর্মটির নিট মুনাফা ৯২ কোটি ১০ লাখ ডলারে উন্নীত হয়। চতুর্থ প্রান্তিকে মুনাফা ১৫ শতাংশ বার্ষিক বৃদ্ধির কথা জানিয়েছে কোম্পানিটি। খবর দ্য ন্যাশনাল।
কভিড-পরবর্তী সময়ে মানুষ অনলাইনে লেনদেনে আগ্রহী হওয়ায় পেপালের মোট লেনদেনের পরিমাণ বেড়েছে। এ সময়ে রাজস্ব বার্ষিক ৭ শতাংশ বেড়ে প্রায় ৭৪০ কোটি ডলারে পৌঁছে। প্রতিটি শেয়ারের বিপরীতে পেপালের আয় শেষ প্রান্তিকে বার্ষিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে শূন্য দশমিক ৮১ ডলার।
তবে বৃহস্পতিবার লেনদেন শেষে পেপালের শেয়ারমূল্য প্রায় ২ শতাংশের মতো কমে হয় ৭৮ দশমিক ৪২ ডলার। যদিও ১২ মাসে ৩৪ শতাংশের বেশি কমার পর চলতি বছরের শুরুতে কোম্পানির শেয়ার বেড়েছে ৫ শতাংশের বেশি।
সাড়ে আট বছর ধরে বিশাল এ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া বড় ধরনের সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন শুলম্যান। তিনি ২০১৪ সালে পেপালে যোগদান করেন। শুলম্যান তার বিবৃতিতে বলেন, ‘আমি বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ। শোভন পরিবর্তনের জন্য চূড়ান্ত উত্তরসূরি নিশ্চিত করতে আমরা ইতিবাচক পথে আছি।’
পেপালের পক্ষ থেকে বলা হয়, শুলম্যানের নেতৃত্বে বৈশ্বিক ২০০টি বাজারে সক্রিয় অ্যাকাউন্ট দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৩ কোটির বেশি হয়। মোট লেনদেনের পরিমাণ ২০১৫ সালে ২৮ হাজার ৮০০ কোটি ডলার থেকে ২০২২ সালে ১ দশমিক ৩৬ ডলারে ট্রিলিয়নে পৌঁছে।










