ইসলামিক ফাইন্যান্সিং উইং চালুর সিদ্ধান্ত নিয়েছে মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সংঘস্মারক সংশোধনী এনে এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে এই উইং চালু করতে পারবে। ডিএসইর মাধ্যমে গতকাল কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। 

ডিএসইর তথ্যমতে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২২ হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১১ টাকা ৬৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মাইডাসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ৩১ পয়সা (পুনর্মূল্যায়িত)।