পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ২ কোটি ৪ লাখ ৬ হাজার ৮৩০টি শেয়ার গতকাল হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ৭৬ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৪০ পয়সায় অবস্থান নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৮৪ লাখ টাকা বা ৫ দশমিক ৭২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৮ টাকা ১০ পয়সা।
এদিকে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৭১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৫ লাখ টাকা বা ১২ দশমিক ৭৮ শতাংশ। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছল ৪৬ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচারলক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পর্ষদ। এরই মধ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ৩০ নভেম্বর।










