কলম্বিয়ায় নদী ও জলজ উৎস থেকে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন আশঙ্কাজনক হারে বেড়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর কলম্বিয়ায় অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের হার ৩ শতাংশ বেড়েছে।
একই হারে বেড়েছে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের এলাকাও।
গত বছর এসব স্বর্ণ নিষ্কাশনের কারণে ৫২ হাজার হেক্টর এলাকার জীববৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হয়েছে।
দেশটির অপরাধী গোষ্ঠী, বামপন্থী বিদ্রোহীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অবৈধ স্বর্ণ উত্তোলনে জড়িত।
তারা প্রতি বছর ব্যাপক হারে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে।
ফলে বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যময় দেশটি পরিবেশগতভাবে ক্ষতির শিকার হচ্ছে।
ইউএনওডিসির কলম্বিয়ার প্রতিনিধি পিয়েরে লাপাক বলেন, এটি অত্যন্ত উদ্বেগের।
কারণ যারা অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে তাদের সঙ্গে সংঘবদ্ধ বৃহৎ অপরাধী গোষ্ঠীর যোগসাজশ রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, অবৈধ উত্তোলনের কারণে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে বৈধ কোম্পানিগুলো।
কলম্বিয়ার জ্বালানিবিষয়ক মন্ত্রী দিয়েগো মেসা বলেন, স্বর্ণ উত্তোলন খাতে অবৈধ উত্তোলনকারীদের দৌরাত্ম্য অব্যাহত থাকলে আমরা অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেক পিছিয়ে পড়ব।
আমাদের সরকার অবৈধ উত্তোলন বন্ধে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে পুলিশের একটি শক্তিশালী টিমও গঠন করা হয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে অবৈধ উত্তোলকদের অনেকে বৈধভাবে স্বর্ণ উত্তোলনে আগ্রহী হয়েছেন।
তবে কী পরিমাণ স্বর্ণ অবৈধভাবে উত্তোলন করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।










