দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। দেশটিতে কয়েক বছর টানা খরা বজায় রয়েছে। চলমান এ খরা পরিস্থিতি দেশটির ডেইরি শিল্পকে হুমকির মুখে ফেলেছে। এবার দেশটির তরল দুধ উৎপাদন ৬ শতাংশের বেশি কমেছে। দেশটির সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিনহুয়া ও নামিবিয়া ইকোনমিস্ট।

নামিবিয়া ডেইরিজের ব্যবস্থাপনা পরিচালক গান্থার লিং বলেন, দেশটিতে কয়েক বছর ধরে টানা মাত্রাতিরিক্ত খরা বিরাজ করছে। এতে দেশটির চারণভূমিগুলোয় ঘাসের পরিমাণ কমে গেছে। ফলে দেশটিতে পশুখাদ্যের সহজলভ্যতা হ্রাস পেয়েছে এবং দামে তেজি ভাব বজায় রয়েছে। পর্যাপ্ত খাদ্য সংকটে দেশটির পশুগুলোর দুধ উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে। এর প্রভাবে দেশটিতে তরল দুধ উৎপাদন যেমন হ্রাস পেয়েছে, তেমনি দুগ্ধ পণ্য উৎপাদনও হ্রাস পেয়েছে।

নামিবিয়া ডেইরি এ মুহূর্তে ১৪টি খামার নিয়ে দুধ উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। কয়েক বছরের টানা খরা ভাবে দেশটির চারটি দুধ উৎপাদনকারী খামারি প্রতিষ্ঠান ত্যাগ করেছে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, তরল ও প্রক্রিয়াজাত মিলে নামিবিয়ার বর্তমান ডেইরি পণ্য বাজারের ব্যাপ্তি বছরে ৩ কোটি ৮০ লাখ লিটার। এর ৬২ শতাংশই দেশটি আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে থাকে।