করোনা মহামারীর মধ্যেও ইরানের ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি ২০২০-২১ ইরানিয়ান বর্ষের প্রথম ১০ মাসে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। ইমলামিক রিপাবলিক অব ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন (আইআরআইসিএ) এ তথ্য জানিয়েছে। খবর তেহরান টাইমস।

প্রতি বছর ২১ মার্চ ইরানে নতুন ইরানিয়ান বর্ষ শুরু হয়। চলে পরের বছরের ২০ মার্চ পর্যন্ত। সেই হিসাবে এখন দেশটিতে ২০২০-২১ ইরানিয়ান বর্ষ চলছে। চলতি ইরানিয়ান বছরের প্রথম ১০ মাসে (২০২০ সালের ২১ মার্চ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত) দেশটিতে সব মিলিয়ে ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার টন ইস্পাত ও ইস্পাতজাত পণ্য উৎপাদন হয়েছে বলে জানিয়েছে আইআরআইসিএ। এক বছরের ব্যবধানে ইরানে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ২ শতাংশ।

আইআরআইসিএ আরো জানিয়েছে, সর্বশেষ ২০১৯-২০ বর্ষে ইরান থেকে আন্তর্জাতিক বাজারে ইস্পাত ও ইস্পাতজাত পণ্য রফতানিতে আগের বছরের তুলনায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। এ সময় দেশটি থেকে সব মিলিয়ে ৭৩ লাখ ৩০ হাজার টন ইস্পাত ও ইস্পাতজাত পণ্য রফতানি হয়েছে।

এদিকে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইরানে সব মিলিয়ে ২ কোটি ৯০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। এর মধ্য দিয়ে দেশটি শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদনকারীদের শীর্ষ তালিকায় দশম অবস্থানে উঠে এসেছে। ২০১৯ সালে ইরানে সব মিলিয়ে ২ কোটি ৫৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।