রাজশাহী মহানগরীর সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় কর্মসূচির উদ্যোগ নিয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন। গতকাল নগরীর নওদাপাড়ার পোস্টাল একাডেমিসংলগ্ন সড়ক বিভাজকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। 

লংকাবাংলা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত প্রায় ৮ দশমিক ৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করা হবে। এজন্য লংকাবাংলা ফাউন্ডেশন রাজশাহী সিটি করপোরেশনের কাছে প্রাথমিক পর্যায়ে ২৫ প্রজাতির ১২ হাজার ৩১২টি গাছের চারা হস্তান্তর করেছে। 

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, হেড অব করপোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোয়েব, হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস (জিআইএস) মোহাম্মদ হাবিব হায়দার, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মো. রাজিউদ্দিন এবং রাজশাহী শাখা প্রধান মো. মহিবুল হাসান সজল প্রমুখ উপস্থিত ছিলেন।