চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও মুনাফা দুটিই বেড়েছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১৩৬ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১২৭ কোটি ৪৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮ কোটি ৯২ লাখ টাকা বা ৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৮ কোটি ৭৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ১৬ লাখ টাকা বা ৪ দশমিক শূন্য ৭ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৮৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১৫ টাকা ২০ পয়সা।  আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭৪ টাকা ৬৩ পয়সা।