৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় পুঁজিবাজার তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। এ মুনাফার ভিত্তিতে সর্বশেষ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে সেবা ও আবাসন খাতের কোম্পানিটির। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়। 

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে সামিট অ্যালায়েন্স পোর্টের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ১৯ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ১৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ৩৬ লাখ টাকা বা ৪৯ দশমিক ৭১ শতাংশ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৮ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারন সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৪ পয়সা।

ডিএসইতে আজ শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩২ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৪ টাকা ও ৩৯ টাকা ৮০ পয়সা।