অতালিকাভুক্ত এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আদালতের প্রাথমিক নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রিসোর্টে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে ফার কেমিক্যাল। সেখানে শেয়ারহোল্ডাররা কোম্পানিটির এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি থাকায় গত বছর এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করা হয়। তবে এ কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত বছরের শেষের দিকে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ। যার খসড়া একীভূতকরণের স্কিম ফার কেমিক্যালের পর্ষদে ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানিটি। এ স্কিম সফলভাবে সম্পন্ন হলে এস এফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধীগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।

জানা গেছে, এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার ক্যামিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উত্পাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং উত্পাদনের সক্ষমতা রয়েছে এস এফ টেক্সটাইলের।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফার কেমিক্যাল। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭১ পয়সা। আগের হিসাব বছরের শেষে যা ছিল ১৩ টাকা ৯৬ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ফার কেমিক্যাল। তার আগের দুই হিসাব বছরেও একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১৮ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮০ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪২৩টি। এর মধ্যে ৩০ দশমিক ২৪ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ১৪ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৫৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে আজ ফার কেমিক্যালের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।