বিটকয়েনের দাম এক বছরের মধ্যে প্রথমবারের মতো ৪০ হাজার ডলারের গণ্ডি ছাড়িয়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে এমন মূল্যবৃদ্ধি। এর আগে গত বছর বহুমুখী চ্যালেঞ্জের মুখে এসব মুদ্রার বাজার বড় ধরনের দরপতনের সম্মুখীন হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভ আগামীতে সুদহার কমাতে পারে, এমন প্রত্যাশা বিটকয়েনের দাম বাড়াতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেনের জন্য বিটকয়েন ফান্ডের অনুমোদন আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিষয়টিও দাম বাড়াতে বড় ভূমিকা পালন করেছে।

বিশ্বের শীর্ষ এ ক্রিপ্টোকারেন্সির দাম গতকাল সর্বোচ্চ ৪১ হাজার ৭৪৮ ডলার পর্যন্ত উঠেছিল, যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। অক্টোবরের মাঝামাঝি থেকে গতকাল পর্যন্ত এটির দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। গত বছর মুদ্রাটির দাম ১৬ হাজার ডলারে নেমেছিল।

ডিজিটাল অ্যাসেট মার্কেট মেকিং ফার্ম কির্কের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফর এশিয়া প্যাসিফিক এবং হেড অব এক্সচেঞ্জ সেলস জাস্টিন ডি’ এনেথান বলেন, ‘‌গত ও চলতি বছরের শুরুর দিকে নিম্নমুখী ধারায় ছিল বিটকয়েনের বাজার। তবে সাম্প্রতিক মাসগুলোয় মূল্যবৃদ্ধির প্রবণতা বাজার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।’

তিনি আরো জানান, গত নভেম্বরে বিটকয়েনের বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এটি ব্যবসায়ীদের আগ্রহ বৃদ্ধির প্রতিফলন। আগামী মাসগুলোয় মুদ্রাটির বাজার স্থিতিশীল থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনীতি ধীর হয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এবার সুদহার কমানোর কথা ভাবছে। সুদহার কমলে বিটকয়েনের মতো ঝুঁকিপূর্ণ সম্পদের চাহিদা বেড়ে যায়। কারণ এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ট্রেজারি বিল-বন্ডের মতো সম্পদের পরিবর্তে স্বর্ণ ও বিটকয়েনসহ অন্যান্য উৎসে বিনিয়োগের মাধ্যমে বেশি মুনাফা তুলে আনার চেষ্টা করেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড-ফান্ড (ইটিএফ) চালুর বিষয়ে বেশকিছু প্রস্তাব জমা পড়েছে। কমিশন এসব প্রস্তাবের কয়েকটি শিগগিরই অনুমোদন দিতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বিটকয়েন ইটিএফ চালু হলে মুদ্রাটির বাজারে ব্যাপক নতুন বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ডিজিটাল মুদ্রাটির দাম রেকর্ড সর্বোচ্চে ওঠে। প্রতি কয়েনের মূল্য দাঁড়ায় ৬৯ হাজার ডলারে। ওই সময় ইথারিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের মুদ্রা ইথারের দাম রেকর্ড ৪ হাজার ৮৬৮ ডলারে উঠে আসে।