কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমে অংশ নিতে চুক্তি করেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে ইউনাইটেড ফাইন্যান্সের অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসান ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এসএমইএসপিডি সার্কুলার নং ০১/২০২৫ অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট সিএমএসএমই ঋণের অন্তত ১০ শতাংশ ক্লাস্টারভিত্তিক খাতে বরাদ্দ দেয়ার নির্দেশনা রয়েছে।
এছাড়া, সিএমএসএমই উন্নয়নে গঠিত ১ হাজার ৫০০ কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ডেও অংশ নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।
অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসান বলেন, দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তিদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। অর্পিত দায়িত্ব সফলভাবে বাস্তবায়নে ইউনাইটেড ফাইন্যান্স প্রতিশ্রুতিবদ্ধ।










