সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উবার। এ লক্ষ্যে তারা তাদের বৈদ্যুতিক যানবাহন (ইভি) আরো বাড়াবে। প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ নির্বাহীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য ন্যাশনাল নিউজ।

উবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘‌রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানটি ২০২৩ সালের শেষ নাগাদ আমিরাতে ইভি দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। যার মাধ্যমে ইভি মোট রাইডের ২০ শতাংশে পৌঁছবে।’

তিনি জানান, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অগ্রাধিকারে থাকা অঞ্চলগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য অন্যতম।

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘‌ইউএই সান ফ্রান্সিসকোভিত্তিক উবারের গ্লোবাল ৮০ কোটি ডলারের গ্রিন ফিউচার প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সেখানকার ভোক্তাদের ইভিতে সুইচ করতে ভর্তুকি দেবে।’

২০২০ সালে উবারের দেয়া বিনিয়োগের ঘোষণায় তারা জানায়, ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় শহরগুলোয় শূন্য কার্বন নীতি মেনে চলবে। ২০৪০ সালের মধ্যে উবারের পরিষেবাগুলো শূন্য কার্বন নির্গমন করে এমন যানবাহনের মাধ্যমে পরিচালিত হবে।

জ্বালানি সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক উদ্বেগ কমাতে ইভির বাজার ক্রমাগত বাড়ছে।

গার্টনারের সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইভি ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৫০ লাখ ইউনিট সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। কারণ, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে প্রবিধানগুলো আরো কঠোর করা হচ্ছে।