চীন থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস। এর অংশ হিসেবেই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চীনে থাকা তিনটি কারখানা বিক্রি করেছে। উহান, চেংডু ও জিয়াংইয়াংয়ে অবস্থিত কারখানাগুলোয় ডংফেং মোটরসের সঙ্গে কাজ করত কোম্পানিটি। কিন্তু এখন সেগুলোর মালিকানা ডংফেং মোটরসের হাতে তুলে দেয়া হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

সংবাদ সংস্থা ব্লুমবার্গ এ লেনদেনের আকার ২৩ কোটি ৪০ লাখ ডলার বলে দাবি করেছে। স্টেলান্টিস পদক্ষেপটিকে চীনে তাদের বিদেশী ব্র্যান্ড সম্পদ কমানোর কৌশলের ধারাবাহিকতা হিসেবে দেখছে। কোম্পানিটি সেখানকার বাজারে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। স্টেলান্টিসের সঙ্গে যৌথ উদ্যোগ থাকা গুয়াংজু অটোমোবাইল গ্রুপ গত বছর দেউলিয়ার ঘোষণা দিয়েছিল। ফলে কোম্পনিটি চীনে ব্যবসা পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়। এছাড়া এমন বাজারগুলোতে মনোযোগ সরিয়ে নিতে উদ্বুদ্ধ করেছে, যেখানে তাদের বাণিজ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। 

স্টেলান্টিসের কৌশলগত পরিবর্তনটি বিশ্বব্যাপী অটোমোটিভ শিল্পে টেকসই প্রবৃদ্ধি ও সাফল্য তৈরি করার প্রতিশ্রুতিকে তুলে ধরেছে। 

যদিও চীন এখনো বিশ্বের বৃহত্তম অটোমোবাইল বাজার হিসেবে নিজের স্থান ধরে রয়েছে। স্টেলান্টিস তাদের পরিচালনা কার্যক্রম পুনরায় সংগঠিত করার পাশাপাশি বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার কৌশলগত পদক্ষেপ নিচ্ছে।