দুই সপ্তাহ তামার আন্তর্জাতিক বাজারে টানা চাঙ্গা ভাব বজায় রয়েছে। এদিকে বাণিজ্যযুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র ও চীন প্রথম পর্যায়ের সমঝোতা চুক্তি সইয়ে সম্মত হওয়ার জেরে শুক্রবার ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে সাত মাসের বেশি সময়ের সর্বোচ্চে পৌঁছেছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) শুক্রবার কার্যদিবস শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৩ ডলার ৫ সেন্টে। এর আগের কার্যদিবসে প্রতি টন তামা লেনদেন হয়েছে ৬ হাজার ৯৫ ডলারে, যা মে মাসের পর সর্বোচ্চ।

ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক কিরান ক্ল্যান্সি বলেন, চুক্তিটি ঘোষণার আগে থেকেই তামার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বাণিজ্যযুদ্ধের কারণে ব্যবহারিক ধাতুটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূলত তারই প্রতিক্রিয়া। এছাড়া আগামী বছরেও শিল্পপণ্যটির দাম বাড়তির দিকে থাকবে। বৈশ্বিক উৎপাদন খাতে স্থিতিশীলতা ও তুলনামূলক সরবরাহ সংকটের জেরে ২০২০ সালে শিল্প ধাতুটির দাম বাড়বে। সূত্র: এলএমই প্রাইস গ্রাফ ও রয়টার্স