টেসলার বিদ্যুচ্চালিত কিছু ট্রাকের পার্কিং ব্রেকে ত্রুটি পাওয়া গেছে। অন্তত ৩৫টি ট্রাকের ক্ষেত্রে দেখা গেছে, পার্কিংয়ের সময় চালকের নির্দেশনা অনুযায়ী ব্রেক কাজ করেনি। তবে এসব ঘটনায় কোনো গুরুতর সমস্যা বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সিএনএন বিজনেস। 

টেসলা বলছে, একটি ভালভ মডিউলের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। দেখা গেছে, চালক যদি ট্রাকটি পার্ক করার সময় ব্রেক সক্রিয় হয়েছে ভেবে পা সরিয়ে নেন, তাহলে ট্রাকটি স্বয়ংক্রিয়ভাবে কিছুদূর গড়িয়ে যায়। যা দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। টেসলার যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান বেনডিক্স গত ১৩ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত সম্ভাব্য সমস্যার কথা টেসলাকে জানিয়েছিল। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে। পরে টেসলা বিষয়টি তদন্ত করে ৩৫টি বড় বিদ্যুচ্চালিত ট্রাক প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয়। 

টেসলার সেমি ট্রাক হিসেবে পরিচিত এ গাড়িগুলো গত বছরের শেষ দিকে পেপসিকো কোম্পানিকে সরবরাহ করা হয়। পেপসিকোর কাছেই ২৬টি ট্রাক সরবরাহ হয়। তবে ঠিক কতটি ট্রাক বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি টেসলা। আবার পেপসিকোর ট্রাকগুলোয় কোনো সমস্যা হয়েছে কিনা, তাও জানা যায়নি। 

টেসলার সেমি ট্রাকগুলো চলতে চলতে ব্রেক ফেইল করেছে, এমন অসংখ্য ঘটনার খবর মিলেছে। ত্রুটির কারণে অনেক মডেলের গাড়ি প্রত্যাহারেরও খবর আসে। এর মধ্যে কিছু গাড়িতে সফটওয়্যার আপডেট দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিছু কিছু গাড়ি কারখানায় নিয়ে সার্ভিসিং করাতে হয়। 

আলোচ্য সেমি ট্রাকগুলো পুরোপুরি বিদ্যুচ্চালিত। তবে এর নকশা কিছুটা অদ্ভুত। এখানে একপাশের বদলে চালকের বসার স্থান মাঝখানে। টেসলার দাবি অনুযায়ী, সেমি ট্রাকের ব্যাটারি একবার পুরো চার্জ দিলে ৫০০ মাইল পর্যন্ত চলতে পারে। সেই সঙ্গে ৮২ হাজার পাউন্ডের মতো ওজন বহন করতে পারে।