পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ কমেছে। বীমা খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৫৮ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ২১ দশমিক ৮১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ পয়সা।
৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২১ টাকা ৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে বিজিআইসির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের ঢাকা লেডিস ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ জুলাই।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বীমা কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিজিআইসি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের জন্যও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। তার আগে ২০১৬ ও ২০১৫ হিসাব বছরে ১১ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৪ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার বিজিআইসি শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ৩০ পয়সা ও ৬৫ টাকা।










