মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ১১ হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে জাপান।

গতকাল দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘‌সরকার ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে অর্থনৈতিক ধাক্কা সামলাতে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যার অংশ হিসেবে কর হ্রাসসহ ১১ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করা হবে।’ খবর রয়টার্স।

ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘‌ব্যয় তহবিলের অংশ হিসেবে সরকার চলতি অর্থবছরে ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েনের সম্পূরক বাজেট প্রণয়ন করবে।’

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সরকার প্যাকেজের আওতায় ১৭ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা করছে। এ প্যাকেজ থেকে অস্থায়ীভাবে আয়কর ও আবাসিক করে ছাড় দেয়াসহ পেট্রল ও পরিষেবা বিলে ভর্তুকি দেয়া হবে।

জাপানে কাঁচামালের দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে। এক বছরেরও বেশি সময় ধরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অধরা রয়ে গেছে। ফলে মানুষের ভোগ ব্যয়ের ওপর চাপ সৃষ্টি হয়েছে এবং কভিড-১৯-এর অর্থনৈতিক ক্ষতি থেকে পুনরুদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

সামান্য মজুরি বাড়িয়ে জিনিসপত্রের দাম বাড়ার হারের নাগাল পাওয়া যাবে না। তাই জীবনযাত্রার ব্যয় কমাতে পদক্ষেপ নেয়ার চাপ রয়েছে প্রধানমন্ত্রীর ওপর। তিনি বলেন, ‘‌নাগরিকদের ক্রয়ক্ষমতা বাড়াতে প্রত্যাশিত কর বৃদ্ধিতে ছাড় দেয়া হবে।’