সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অপরিবর্তিত অ্যালুমিনিয়ামের দাম। গত সপ্তাহে ধাতুটির প্রধান কাঁচামাল উৎপাদনকারী দেশ গিনিতে জ্বালানি ডিপো বিস্ফোরণের ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় কয়েক দিন বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। খবর বিজনেস রেকর্ডার।

অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় বক্সাইট। শীর্ষস্থানীয় বক্সাইট সরবরাহকারী গিনির একটি জ্বালানি তেলের টার্মিনালে বিস্ফোরণের ফলে কাঁচামাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে শুক্রবার চীনা অ্যালুমিনা ফিউচার রেকর্ড উচ্চতায় বেড়েছে।

সর্বাধিক লেনদেন হওয়া সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০ ইউয়ান বা ২ হাজার ৬৭১ ডলার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম বাড়ার পর অপরিবর্তিত। বড়দিনের ছুটি থাকায় গতকাল এলএমইতে লেনদেন হয়নি। তবে সর্বশেষ লেনদেনে এলএমইতে ধাতুটির দাম প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। গিনির দুর্ঘটনা ওই মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

এদিকে গতকাল সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনার দাম রেকর্ড ৩ হাজার ৩২৯ ইউয়ানের উঠেছে। দস্তার দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২১ হাজার ২৭৫ ইউয়ান। সিসার দাম ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০৫ ইউয়ান। নিকেলের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭১০ ইউয়ানে। তবে অপরিবর্তিত ছিল তামার দাম। টনপ্রতি ধাতুটি বিক্রি হয়েছে ৬৯ হাজার ৪০ ইউয়ানে। আর টিনের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ লাখ ৬ হাজার ৮৭০ ইউয়ানে।