আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন সূচিতে চলবে। এ মাসে আর্থিক প্রতিষ্ঠানেরও অফিস সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

তথ্যানুসারে, ডিএসই ও সিএসইর লেনদেন ৩ ঘণ্টা ৪০ মিনিট চালু থাকবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। আর ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট-ক্লোজিং সেশন থাকবে। তবে ডিএসই ও সিএসইর অফিশিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চালু থাকে। এরপর বেলা ২টা ৩০ থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে পোস্ট-ক্লোজিং সেশন। আর অফিশিয়াল কার্যক্রম শেষ হয় বিকাল ৫টায়। রমজান ও ঈদের ছুটি শেষে আগের সময়সূচি অনুসারে পুঁজিবাজারে লেনদেন চলবে।

পুঁজিবাজারে লেনদেনের সঙ্গে ব্যাংকের লেনদেন চালু থাকার সম্পর্ক রয়েছে। রমজান মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর লেনদেন সময়সূচি সকাল ৯টা ৩০ থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ৪ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিক সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা লেনদেন চালু থাকে।

অপরদিকে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।