গত মাসে চীনে দৈনিক কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় বাজারে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বেইজিং। উদ্দেশ্য চাহিদার অনুপাতে বিদ্যুৎ উৎপাদন করা। এ ধারাবাহিকতায় উত্তোলন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এসব তথ্য জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক। গত মাসে দেশটি সব মিলিয়ে ৩৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করে। সে হিসাবে দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টনে। গত বছরের একই সময় দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টন। যদিও চলতি বছরের এপ্রিলের তুলনায় দৈনিক উত্তোলন কমেছে। ওই সময় দৈনিক ১ কোটি ২০ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছিল। মার্চে দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টন।

এদিকে বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) দেশটি ১৮১ কোটি টন কয়লা উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১০ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

দিনে ১ কোটি ২৬ লাখ টন করে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির সরকারের। উদ্দেশ্য ৬২ কোটি টনের জাতীয় মজুদ তৈরি এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। সে লক্ষ্যেই সরকার খনি মালিকদের উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারে জ্বালানিটির দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত উদ্যোগও নেয়া হয়েছে।

অন্যদিকে উত্তোলন বাড়ায় শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোয় গত মাসে কয়লার চাহিদা ছিল স্থিতিশীল। এছাড়া করোনা মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে কঠোর লকডাউন ঘোষণা করা হলে দেশটির বেশির ভাগ শিল্প-কারখানা বন্ধ হয়ে পড়ে। লকডাউনের প্রভাবও চাহিদা না বাড়ার পেছনে বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।