ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় কমেছে ৩৭ দশমিক ৭২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১৯২ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩০ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৭১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ কোটি ৫০ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৭০ পয়সায়, গত ৩০ জুন শেষে যা ছিল ৭৭ টাকা।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের বছর যা হয়েছিল ৫ টাকা ৯ পয়সা।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ।  আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬২ টাকা ৯৩ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৮ টাকা ২৭ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের (আইপিও-পরবর্তী) ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইনডেক্স এগ্রো।

২০২১ সালে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ১৪ ও বাকি ২২ দশমিক শূণ্য ৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।  

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৩ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮২ টাকা ২০ থেকে ১০৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।